পছন্দের অডিট ফার্ম নিয়োগ দিতে পারবে ইভ্যালি

২৫ জানুয়ারি, ২০২২ ২৩:০৬  
নিরীক্ষা কার্যক্রমের জন্য নিজের পছন্দমতো যে কোনও অডিট ফার্ম নিয়োগ দিতে পারবে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের কোম্পানি বেঞ্চ এই অনুমতি দিয়েছেন। ইভ্যালির পরিচালনা পর্ষদের পক্ষে আইনজীবী মোরশেদ আহমেদ খানের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে এই রায় দেয়া হয়। ইভ্যালির একজন গ্রাহকের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, এর আগে গত বছরের ১৮ অক্টোবর একই বেঞ্চ কোম্পানির পরিচালনা পর্ষদকে অডিট ফার্ম কেপিএমজিকে নিয়োগ দিতে বলেছিল। কিন্তু তারা অডিটের জন্য ইভ্যালির কাছে ৮৬ লাখ টাকা দাবি করেছে, যা অনেক বেশি। এই পরিস্থিতিতে হাইকোর্টের নিযুক্ত ইভ্যালির পরিচালনা পর্ষদ গত ১৬ জানুয়ারি এই আদালতে ওই অডিট ফার্ম পরিবর্তন করার জন্য আবেদন করেছিলেন। প্রসঙ্গত, কোম্পানিটি অবসায়ন চেয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ই-কমার্স প্রতিষ্ঠান আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, মাহবুবুল করিম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ, আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজকে ইভ্যালি পরিচালনা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছেলো উচ্চ আদালত।